সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রীয় এলাকার একটি ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন নিহত হয়েছে। রোববার(১৯ ফেব্রুয়ারি) দামেস্কের কাফর সুসা আবাসিক এলাকায় হামলার এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন।

এর কাছেই ইরানি স্থাপনাগুলোর পাশে বড়, কড়া পাহারার একটি নিরাপত্তা কমপ্লেক্স আছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দামেস্কের কেন্দ্রস্থলে উমাইয়াদ স্কয়ারের পাশেই ঘনবসতিপূর্ণ কাফর সুসা আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার ভেতরেই কয়েকটি বহুতল নিরাপত্তা ভবন আছে। এখানে নির্দিষ্ট লক্ষ্যে চালানো বিরল এই হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ-কে জানিয়েছেন, সেখানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ হামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।