পাবনার আটঘরিয়ায় ছেলের বউয়ের ঝাড়ুর আঘাতে মর্জিনা খাতুন (৫৫) নামে এক শাশুড়ির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মর্জিনা খাতুন উপজেলার দক্ষিণ হারানপাড়া এলাকার হাসিবুর রহমানের স্ত্রী।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনরা জানায়, ছাগল বাঁধাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুরে ছেলের বউ খুশি খাতুনের সঙ্গে তার শাশুড়ি মর্জিনা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খুশি তার হাতে থাকা ঝাড়ু দিয়ে শাশুড়ি মর্জিনা বেগমকে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার ভোর ৪টার দিকে শরীরের অবস্থা অবনতি হওয়ায় স্বজনরা তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। শাশুড়ির মৃত্যুর পর থেকে ছেলের বউ খুশি পলাতক রয়েছেন।
আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহে বিভিন্ন সময় এই পরিবারের ঝামেলা ছিলো। চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম মারা গেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এখনো কেউ অভিযোগ দেয়নি।