পৃথিবীর কোনো দেশ এতো উন্নয়ন করতে পারেনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের ছাড় দেওয়া হবে না। ১৪ বছরে যে উন্নয়ন করেছি। পৃথিবীর কোনো দেশ পারেনি। আমরা অনেক দেশের চেয়ে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাঘা উপজেলার তুলশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার মধ্যে মানুষ সঠিক নেতৃত্ব খুঁজে পেয়েছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেজন্য সারা দেশে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিগত ১৪ বছরে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি, ভবিষ্যতেও দেবো না। 

তিনি আরও বলেন, যতোদিন এদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করতে না পারবো, ততোদিন ক্ষমতায় থাকবো। প্রয়োজনে জীবন দিয়ে দিবো। এদেশের উন্নয়নে আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট চায়। 

প্রতিমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করেছি। যা স্বাধীনতা পরবর্তী সময়ে অন্য কোনো সরকার পারেনি। বর্তমানে দেশের এমন কোনো এলাকা নেই। যেখানে একটি কাঁচা ভবন (স্কুল) রয়েছে। প্রতিটা স্কুলে নতুন বহুতল ভবন নির্মাণ করেছি। 

শাহরিয়ার আলম বলেন, বিএনপি মহাসচিব বলেছেন, এই সরকারের আমলে নির্বাচনে যাবে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনারা অস্ত্র হাতে নিয়ে রাজনীতি করেন। বন্দুকের নল দিয়ে আপনাদের রাজনীতি শুরু। সেই দিন শেষ মানুষ এখন বুঝতে শিখেছে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগসহ অনেকে।