ইউরোজোনের বাসিন্দাদের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের এক তৃতীয়াংশ ঘরে বসে অফিস করতে চান। এমনকি এ কাজের জন্য তারা তাদের চাকরিও বদলাতে রাজি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
বুধবার প্রকাশিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির জরিপের ফলাফল থেকে এ ধারণা পাওয়া গেছে। ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ সংক্রান্ত নীতি নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ করছে। বিশেষ করে ইসিবিসহ নানা প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়ন ও মালিকদের মধ্যে এ নিয়ে টানাপোড়েনের মুখে বিষয়টি নিয়ে তোড়জোর শুরু হয়েছে।
গবেষণাপত্রটিতে বলা হয়, কর্মচারীরা এমনকি চাকরি বদলাতে রাজি, যদি তাদেরকে ঘরে বসে কাজ করার সুযোগ দেয়া হয়। ৩০ ভাগ কর্মী ঘর থেকে কাজ করতে চান।
গবেষণায় আরো বলা হয়, কর্মচারীরা ঘর থেকে কাজ করার সুযোগ পেতে নতুন করে চাকরি খুঁজছেন। সেখানে দেখানো হয়, দুই তৃতীয়াংশ কর্মী সপ্তাহে অন্তত একদিন ঘরে বসে কাজ করতে চান। এর কারণ হিসেবে তারা অফিসে যাতায়াতের সময় বাঁচানোর কথা বলেন। যাদের ঘর থেকে অফিস যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে তারা মাসে অন্তত ১০দিন ঘরে বসে কাজ করার পক্ষে। যাদের ১৫ মিনিটের কম লাগে তারা গড়ে ছয়দিন ঘরে বসে অফিস করতে চান।