ঋত্বিক-অপির ছবির প্রচারে জয়া আহসান

‘মায়ার জঞ্জাল’ নামের একটি ছবিতে আমাদের গুণী অভিনেত্রী অপি করিম অভিনয় করছেন। এই খবর দীর্ঘদিন ধরেই পাঠকেরা শুনে আসছেন। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

‘মায়ার জঞ্জাল’ আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে। এ ছবি দিয়ে প্রথমবারের মতো ঋত্বিক অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা হলে। কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। দুই বাংলাতেই তার দর্শক ও ভক্ত অগুণতি। তার অভিনয় মুগ্ধ করে যায়।

এদিকে ছবির প্রচারের স্বার্থেই যোগ হয়েছেন দুই বাংলার বরেণ্য অভিনেত্রী জয়া আহসান। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অপি করিমকে নিয়ে একটি আলাপচারিতায় অংশ নেন।

উল্লেখ্য, ছবিটির নির্মাতা ইন্দ্রনীলের পরিচালনায় জয়া আহসান কাজ করেছেন অনেক আগে। অপি করিম অভিনীত এই চলচ্চিত্র নিয়ে কৌতুহলও তাই বাড়ছে ক্রমশ। ছবিটির প্রচারের স্বার্থেই ঢাকায় আসেন অভিনেতা ঋত্বিক। সিনেমাটির প্রযোজক জসীম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সিনেমা প্রযোজক জানান, ঢাকায় একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। জানাবেন ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা কথা, অপি করিমের সঙ্গে অভিনয়ের কথা, সিনেমাটি নিয়ে তার প্রাপ্তি ও প্রত্যাশার কথা। ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় ঋত্বিক অভিনয় করেছেন ‘চাঁদু’ নামের একটি চরিত্রে। মধ্যবিত্ত পরিবারের ছেলে চাঁদু নানা সমস্যায় জর্জরিত। একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত, চাকরিটা হারিয়েছে। তবু ছেলেকে সে ইংরেজি মিডিয়ামে পড়ানোর স্বপ্ন দেখে।

দুই বাংলায় একই দিনে সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত ঋত্বিক চক্রবর্তী। তিনি বলেন, ‘আমরা দুই বাংলার দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে চাই। প্রথমবার সিনেমার প্রচারে ঢাকায় যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। আশা করছি খুব ভালো সময় কাটবে।’

‘মায়ার জঞ্জাল’ সিনেমায় আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সোহেল মন্ডল, ব্রাত্য বসু, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।