মেক্সিকোতে অভিবাসীদের বাস উল্টে ১৭ জন নিহত

মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মেক্সিকোর মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চল যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অভিবাসীবাহী বাসটি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ৪৫ জন যাত্রী নিয়ে পুয়েবলা প্রদেশ থেকে উত্তরের দিকে যাচ্ছিলো বাসটি। ভেনেজুয়েলা, কলম্বিয়াসহ মধ্য আমেরিকার কয়েকটি দেশের নাগরিক ছিলেন বাসে। স্থানীয় সময় বিকেলের দিকে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সাথে ধাক্কা খায় বাসটি। এতে দুমড়েমুচড়ে যায় এর একাংশ।

পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী হুলিও হুয়ের্তা। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত আরও ১৫ জনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দুইজনের মৃত্যু ঘটে। আহতদের মধ্যে পাঁচজন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। 

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি: রয়টার্স

হতাহতদের মধ্যে কতোজন অভিবাসন প্রত্যাশী আছেন পুয়েবলার কর্মকর্তারা তা নির্দিষ্টকরে জানাননি। এ বিষয়ে মন্তব্যের জন্য মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউটকে অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।