দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার রাম চরণ। ‘আরআরআর’-এর সাফল্যের রেশ এখনও কাটিয়ে উঠেননি তারকা। পর্দার আলুরি সীতারাম ওরফে রাম চরণের জনপ্রিয়তা এখন আর তেলুগু সিনেপ্রেমিদের মধ্যে আটকে নেই, গোটা দেশ তার ভক্ত। অস্কারের দৌড়ে রয়েছে ‘আরআরআর' ছবির গান ‘নাটু নাটু’। আগামী মাসের ১২ তারিখ মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসে বসবে অস্কারের আসর। তার আগে মঙ্গলবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন রাম চরণ। হায়দরাবাদ এয়ারপোর্টে লেন্সবন্দি হন অভিনেতা। এদিন কালো রঙা সাবেকি পোশাকে এয়ারপোর্টে ধরা দিলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল রাম চরণের এয়ারপোর্টে লেন্সবন্দি মুহূর্ত। সেখানে কালো পাজামা এবং শাল হাতে দেখা মিলল তার। বিলাসবহুল গাড়ি থেকে নেমে সোজা গেটের দিকে হাঁটা লাগান তিনি। আশ্চর্যজনকভাবে অভিনেতার পায়ে ছিল না কোনও জুতো। একদম খালি পায়ে হাঁটতে দেখা গেল রাম চরণকে।
তবে এই প্রথম নয়, আগেও অভিনেতাকে খালি পায়ে হাঁটতে দেখা গিয়েছে। ‘আরআরআ’ ছবির প্রচারে বহুবার দেখা গিয়েছে রাম চরণ পায়ের জুতো জোড়া হাওয়া। এর আগে মুম্বাই এয়ারপোর্টেও খালি পায়ে লেন্সবন্দি হয়েছিলেন তিনি, সেই সময়ও তার পরনে ছিল কালো পোশাক। ভেবে দেখেছেন এর পিছনের কারণ?
আসলে প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে ৪১ দিনের ব্রত পালন করেন রাম চরণ। পিতা চিরঞ্জীবীর মতো তিনিও আয়াপ্পা ঠাকুরের ভক্ত। কেরলের শবরীমালা মন্দিরে যাওয়ার আগে ভক্তদের ৪১ দিন ধরে কঠোর নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয়। এই সময় সকলকে কালো পোশাক পরতে হয়, নিরামিষ খেতে হয় এবং খালি পায়ে হাঁটতে হয়। ব্রত চলাকালীন বিছানা নয়, মাটিতে ঘুমোতে হয়! এমনকী চুল-দাড়ি পর্যন্ত কাটা যায় না। এই কঠোর ব্রত প্রতিবারই পালন করেন রাম চরণ।