কানাডার ভ্যাঙ্কুভার থেকে শুরু হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা। সেই ভ্যাঙ্কুভারের মোহাম্মদ আমিনুল ইসলাম এবার পেলেন ‘মাতৃভাষা পদক ২০২৩’। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহণ করেন তিনি।
আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবত মাতৃভাষা দিবসকে যথাযথভাবে রূপায়িত লক্ষ্যে ‘বিসি মডেল’ প্রবর্তন করেন, যে মডেলটা বৃটিশ কলাম্বিয়ার বিভিন্ন স্কুল বোর্ডে গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে অন্টারিও স্কুল বোর্ডও এই মডেলটি গ্রহণ করেছে। আমিনুল ইসলামের অবদান কানাডায় স্থানীয়, প্রাদেশিক এবং জাতীয় পর্যায়ে নানাভাবে স্বীকৃতি পেয়েছে। ২০২২ সালে তিনি কানাডার ফেডারেল গভর্নমেন্ট মি. ইসলামকে ‘কুইনস প্লাটিনাম জুবিলি অ্যাওয়ার্ড’ লাভ করেন।
কবি শাহানা আকতার মহুয়া ইত্তেফাককে জানান, একুশে ফেব্রুয়ারিকে কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেবার জন্য কানাডিয়ান পার্লামেন্টে এস-৪১২ বিলটি উত্থাপিত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এই বিলে।
উল্লেখ্য যে, বর্তমানে তিনি ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্যা ওয়ার্ল্ড সোসাইটি’ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ভ্যাঙ্কুভারের রফিকুল ইসলাম এবং আব্দুস সালামের উদ্যোগে সংগঠনটিই প্রথম জাতিসংঘে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করণের প্রস্তাব দেয় এবং তারই ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।