গত রবিবার লিগ ওয়ানে লিলের বিপক্ষে পয়েন্ট খোয়াতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিকে গোল করে পিএসজিতে জেতায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এ জয়ের পর কোচ ক্রিস্টোফে গালটিয়ের দুই দিনের ছুটি দিয়েছেন খেলোয়াড়রদের। আগামী বুধবার আবার অনুশীলনে ফিরবে তারা। তাই এ অবসর সময়কে কাজে লাগাতে সপরিবারে বার্সেলোনায় বেড়াতে গেলেন মেসি।
বার্সায় ফিরে মেসি তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেন। মেসি ও তার স্ত্রী আন্তোনেলা নিজেদের ইনস্টাগ্রামে বার্সা ভ্রমণের ছবি আপলোড করেন। সেখানে দেখা যায়, বার্সেলোনার একটি খাবারের বাইরে মেসি তার প্রাক্তন সতীর্থ জর্ডি আলবা এবং বুস্কেটস তাদের পরিবার নিয়ে এসেছেন দেখা করতে। অনেক দিন পর ছুটি পেয়ে বার্সায় ফেরার পর পুরোনো বন্ধু আলবা এবং বুস্কেটসের সঙ্গে সময় কাটান তিনি।
এদিকে মেসির বার্সা ভ্রমণ সম্পর্কে স্পেনের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসি বার্সেলোনায় গিয়েছেন শুধু ছুটি কাটাতে। এছাড়া দুবছর আগে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে যোগ দিলেও সেখানে এখনো মেসির একটি বাড়ি রয়েছে। সেই বাড়িতেই ছুটি কাটাতে সপরিবার গিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ জয়ের পর এ প্রথম বার্সায় গেলেন লিওনেল মেসি। এর আগে গত জানুয়ারিতে জাভির জন্মদিন উদযাপন করতে বার্সেলোনায় গিয়েছিলেন মেসি, তখন বুস্কেটস ও আলবাও তার সঙ্গে ছিলেন। সে সময় ধারণা করা হয়েছিল, গ্রীষ্মের ট্রান্সফার মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ক্যাম্প ন্যুতে ফিরতে পারেন মেসি। তবে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসিও জানিয়েছিলেন যে, এই মুহূর্তে মেসির বার্সায় ফেরার কোনো সম্ভাবনা নেই।