তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পেরিয়ে গেছে দুই সপ্তাহ, মৃতদেহের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজার। এখনও তুরস্কের বাতাসে পাওয়া যাচ্ছে লাশের গন্ধ। ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে আনা হচ্ছে নিখোঁজ অনেকের মরদেহ। মৃতদেহের দীর্ঘ তালিকায় এবার যোগ দিলেন ফুটবল জগতের আরেক নাম। হাতাইস্পওর ক্লাবের স্পোটিং ডিরেক্টর তানের সাভুতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তুপ থেকে।
স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে হাতাইস্পোর ফুটবল ক্লাব সম্মুখীন হয়েছে কঠিন পরিস্থিতির। দলটির ঘানাইয়ান ফুটবলার ক্রিস্টিয়ান আতসু নিখোঁজ ছিলো ভূমিকম্পের সময় থেকে, পরে তাকে উদ্ধার করার খবর পাওয়া গেলেও সেটি ছিলো ভুয়া। এরপর গত সপ্তাহে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয় চেলসি আর নিউ ক্যাসলের সাবেক ফুটবলার আতসুর মরদেহ। এবার সেই হাতাইস্পোর ক্লাবেরই স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুতের মৃতদেহও উদ্ধার হলো ধ্বংসস্তুপ থেকে।
গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের আঘাতের পর থেকে নিখোঁজ ছিলেন সাভুত। হাতাইস্পোর ক্লাবের পক্ষ থেকেই তার নিখোঁজ থাকার ব্যাপারে জানানো হয়েছিলো। এবার তার মৃতদেহ উদ্ধার হওয়ার পর শোক জানিয়েছে হাতাইস্পোর ক্লাব। তারা জানান, ‘ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। আমরা তোমার অবদান ভুলব না কখনও। স্বর্গে ভালো থাকুন আপনি। চিরকাল আপনি আমাদের হৃদয়ে অবস্থান করবেন।’
ভূমিকম্পের পর বিলাসবহুল আবাসিক ভবনে ভেঙে পড়া পাথর ও কংক্রিটের নিচে আটকে পড়েন সাভুত। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। তুর্কি লিগের শীর্ষ দল গ্যালাতাসারাই এবং তুর্কি ফুটবল ফেডারেশনও সাভুতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।