আধিপত্য নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আটক ৫

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এসময় পুলিশসহ আহত হয়েছে অন্তত ১২ জন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর কাচিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল স্থানীয় ইউপি সদস্য নজরুলের ভাতিজা হয় এবং একই এলাকার মনির হোসেন ভুট্টুর ছেলে।

রায়পুর থানার ওসি (তদন্ত)জাহাঙ্গীর আলম জানান, মেঘনা নদী থেকে জেগে উঠা খাসজমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশীর শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে ওই কিশোর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. আনোয়ার হোসেন মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।