রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক রোগীদের সরিয়ে ফেলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ড্রেসিং রুমের এসি থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তৎক্ষণিক সব রোগীদের নিরাপদে সরিয়ে ফেলে হাসপাতাল কতৃপক্ষ।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত নার্স রুকাইয়া আক্তার কেয়া বলেন, রোগীদের ড্রেসিং করার সময় হঠাৎ এসির সুইচে আগুন ধরে যায়। পরে অন্য নার্স ও কেয়ারদের সহযোগিতায় আগুন নেভাতে আমরা সক্ষম হই।
এ ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতাল কতৃপক্ষ। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সেই সঙ্গে সেখানে বিদ্যুৎ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী জানান, আগুন লাগেনি। প্লাগে স্পার্ক করলে রোগীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। প্লাগটা পরিবর্তন করে দিয়েছি। এতে কোনো সমস্যা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সেই সঙ্গে বিদ্যুৎ প্রবাহের চলাচল স্বাভাবিক রয়েছে।