‘যুক্তির আকাশে ওড়াই স্বপ্নের ঘুড়ি’ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১৫ তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৩’। বাংলাদেশে বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর উদ্যোগে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমীতে দুই দিনব্যাপী এই বিতর্ক কার্নিভাল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দেশের দুই হাজার মেধাবী সৃজনশীল যুক্তিবাদী বিতর্কপ্রেমী শিক্ষার্থী ও শিক্ষক এতে অংশগ্রহণ করবেন।
বিতর্ক শিল্পে বিশেষ অবদান রাখায় এই আয়োজনে ‘এনডিএফ বিডি আজীবন সম্মাননা ২০২৩’ পাচ্ছেন সাবেক কৃতি বিতার্কিক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই বিশেষ সম্মাননাটি এনডিএফ বিডি পরিবারের পক্ষ থেকে প্রদান করবেন মিডিয়া ব্যক্তিত্ব, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ও এনডিএফ বিডি'র সম্মানিত প্রধান উপদেষ্টা ফরিদুর রেজা সাগর।
এই কার্নিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিএস ট্যাক্স একাডেমীর মহাপরিচালক ও এনডিএফ বিডি'র সম্মানিত উপদেষ্টা এফ এইচ আরিফ; সেনা সদর, জিএস শাখাধীন শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাইল ইসলাম ও বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাদির কামাল।
বিতার্কিকদের এই মিলনমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন ও এনডিএফ বিডি' সম্মানিত উপদেষ্টা ও মডার্ন ইটালিয়ান লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ই. জেড. এম. মাসুদুর রহমান শিমুল।
উদ্বোধনী ও সমাপনী আয়োজনে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি'র চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু অ্যাওয়ার্ড প্রাপ্ত, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন, ডিইউডিএস-এর সাবেক সভাপতি ও বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম শোয়েব।