যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে মাতৃভাষা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়। দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ আওয়ামীলীগের সভাপতি দুলাল মাতবর ও বিশিষ্ট চিকিৎসক মোক্তার আলী লস্কর। ভাষা আন্দোলনের ওপর লিখিত দুটি কবিতা আবৃত্তি করেন মিশনের ওয়েলফয়ার অফিসার ময়নাল হোসেন ও আল্ট্রা ব্লু ট্রাভেল অ্যান্ড ট্যুরস  সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার শরিফুল ইসলাম। 

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে শুরুতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে যে সকল শহীদ তাদের জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একুশের চেতনাকে ধারণ পূর্বক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনবিএল মানি ট্রান্সফারের সিইও মোহাম্মদ মাসুদুর রহমান এবং সিনিয়র অফিসার হায়দার আলী সাবু, ভিউ কোম্পানীর সিইও এবং মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ফুড অ্যান্ড ফুড প্রা. লিমিটেডের সিইও নূরে আলম রিন্টু, প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, প্রবাসী ব্যবসায়ী মজিবুর রহমান, মনির হোসেন, ফয়েজুর রহমান, আবু ছালেহ কদ্দুস, সাদেক মো. নাছির উদ্দিন, অনিছুর রহমান প্রমুখ।

দিবসটি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। এছাড়া প্রবাসী বাংলাদেশী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।