সম্মেলনের পর চার মাসেও ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা হয়নি। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। আর পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
গত বছরের ৮ নভেম্বর পাঁচ বছর পর শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আর একই দিনে ১৬ বছর পর শৈলকূপা পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। শৈলকূপা সরকারি কলেজ মাঠে একই মঞ্চে দলের দুটি শাখার সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম। সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয় না। বলা হয় ঝিনাইদহ সার্কিট হাউজে গিয়ে নেতারা সমঝোতার ভিত্তিতে কমিটি ঘোষণা করবেন। কিন্তু সেখানেও কমিটি ঘোষণা করা হয় না। এরপর জানানো হয় ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হবে। কিন্তু চার মাসেও কমিটি ঘোষণা করা হয়নি, ঝুলে আছে। ১৩ নভেম্বর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে শুধু সভাপতি হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও সাধারণ সম্পাদক হিসেবে মো. সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলা হয়েছিল পূর্ণাঙ্গ কমিটির নাম পরে ঘোষণা করা হবে। কিন্তু আজও পূর্ণাঙ্গ জেলা কমিটি হয়নি।
এ প্রসঙ্গে শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সভাপতি পদপ্রত্যাশীদের একজন মতিয়ার রহমান বলেন, নেতারা আশ্বাস দিয়েছেন এ মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। আর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই বলেন, সমঝোতার ভিত্তিতে অচীরেই শৈলকূপা উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে। দলীয় ঐক্য ধরে রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।