রাশিয়ার মিত্র চীন মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের বার্ষিকীতে চীন জানিয়েছে, বেইজিং ইউক্রেন সংকটকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে চায়। টাইমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে। শান্তি পরিকল্পনায় আলোচনার সূচনা ও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার অবসানের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর তৈরির প্রস্তাব করা হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য রপ্তানি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।
ফলে, চীন তার ১২ দফা প্রস্তাবে এ বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছে, বিশ্বব্যাপী খাদ্য মূল্য বৃদ্ধির কারণে শস্য রপ্তানি ব্যাহত হওয়া নিশ্চিত করতে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শান্তি প্রস্তাবে সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার নিশ্চয়তা দেওয়ার ওপর জোর দিয়েছে বেইজিং।
এখানে চীন শান্তি পরিকল্পনায় তার অবস্থান বিশদভাবে বর্ণনা করেছে। একই সঙ্গে বেইজিং 'নার্ভাস ওয়ার মানসিকতার' অবসানের আহ্বান জানিয়েছে। এদিকে, ইউক্রেনে যুদ্ধ শেষ করার প্রয়াসে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কিয়েভ।