অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ বিষয়টি জানান। চিঠির প্রেরক নিজেদের আনসার আল ইসলাম বলে দাবি করা হয়েছে।
মাওলানা মো. সাইদুল ইসলাম সই করা চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় গতকাল বিকেলে বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে আনসার মাওলানা সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি বাংলা একাডেমির মহাপরিচালক পান। চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগ পাওয়ার পর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ। তিনি বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। চিঠিটি আসলেই কোনো জঙ্গি সংগঠন পাঠিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।