র ফি কু ল ই স লা ম
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার গানের ভক্ত কে নন, তাঁকে খুঁজে পাওয়া কঠিনই হবে। তবে যেসব মেয়ে নিজেদের একজন সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলার ভাবনায় থাকেন, তাঁদের মুখে সবচেয়ে পছন্দের শিল্পী হিসেবে রুনা লায়লার নামটিই সবার আগে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। সবারই যেন একজন রুনা লায়লা হওয়ারই স্বপ্ন থাকে। চলচ্চিত্রের সফল তারকা দম্পতি নাইম-শাবনাজের ছোট মেয়ে মাহদিয়ারও স্বপ্ন রুনা লায়লার মতো নিজেকে একজন আন্তর্জাতিক সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলা। সেই ছোটবেলা থেকেই সংগীতে তাঁর অনুপ্রেরণার নাম রুনা লায়লা। ক্লাশ থ্রিতে যখন পড়তেন মাহদিয়া, সেই সময়ে তিনি নিজেকে রুনা লায়লার আঙ্গিকে সাজিয়ে স্কুুলের মঞ্চে পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানে ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানটি গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। এরইমধ্যে বাবা-মায়ের অনুপ্রেরণায় মাহদিয়া ‘মাহদিয়া নাইম’ নামে একটি ইউটিউব চ্যানেলেরও যাত্রা শুরু করেছেন। চ্যানেলটিতে এরইমধ্যে মাহদিয়ার গাওয়া দুটি ইংলিশ ও একটি বাংলা গান প্রকাশিত হয়েছে। আজ প্রকাশিত হবে মাহদিয়ার গাওয়া ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি। রুনা লায়লার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রুনা লায়লাতে অনুপ্রাণিত হয়েই মাহদিয়া গানটি গেয়েছেন। গানটি নতুন করে সুর ঠিক রেখে সংগীতায়োজন করেছেন সাঈদ সুজন। গানটি গাওয়া শেষে রুনা লায়লার কাছ থেকে আশীবার্দ নেয়ার জন্য এরইমধ্যে রুনা লায়লার সঙ্গে মাহদিয়া তার বাবা মাকে সঙ্গে নিয়ে একদিন দেখাও করে এসেছেন। রুনা লায়লা মাহদিয়ার কণ্ঠে গান শুনে ভীষণ মুগ্ধ হয়েছেন। শুধু তাই নয়, মাহদিয়ার কণ্ঠে বাংলা গানের চেয়ে ইংরেজি গান শুনে বেশি মুগ্ধ হয়েছেন রুনা লায়লা। গান শুনে মাহদিয়ার আগামী দিনের প্রতি শুভ কামনা জানিয়ে দোয়া করে দেন তিনি। মাহদিয়া বলেন, ‘শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের বাসায় যেদিন আমি প্রথম যাই গানের জন্য, তাঁর অসংখ্য অ্যাওয়ার্ড দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তখনই মূলত আরো বেশি অনুপ্রাণিত হই। মনে মনে আরো সাহস সঞ্চয় করি যে, আমাকেও একদিন গানে গানে সবাইকে মুগ্ধ করার মধ্যদিয়ে এমন সম্মাননা অর্জন করতে হবে। রুনা ম্যাডাম যখন আমাকে প্রথম দেখে বুকে টেনে নিলেন, আমার গান শুনলেন, আমার গায়কীর প্রশংসা করলেন, তখন আসলে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। এত প্রখ্যাত, এত বড় মাপের একজন শিল্পী হয়েও অতি সাধারণ তিনি। আমি মিস করছিলাম আমার বড় আপু নামিরাকে। কারণ গানের ব্যাপারে আমার বড় বোনই সবচেয়ে বেশি উত্সাহ দেন।’ নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন আবু হেনা মোস্তফা কামাল এবং সুর করেছেন আব্দুল আহাদ।