আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দেশে ফিরে দুপুরে বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেই দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। মুশফিক ও রিয়াদের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় সাকিবকে।
এরপর ওয়ার্ম আপ শেষে ইনডোরের নেটে ব্যাট করতে যান সাকিব। আগে থেকেই অন্য নেটে ব্যাট করছিলেন তামিম ইকবাল। এরপর পাশাপাশি নেটে ব্যাট করেন এই দুই ক্রিকেটার। এই সময় দু'জনকে কথা বলতেও দেখা যায়। তবে ঠিক কি কথা হয়েছে তা বোঝা যায়নি।
সম্প্রতি ক্রিকেবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে কথা বলেন। এরপর রোববার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, তাদের ব্যক্তিগত সম্পর্ক খেলায় প্রভাব ফেলে না।