নিখোঁজের পাঁচ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল লাশ 

পাবনার চাটমোহরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।  সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলগাড়া বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত ছানোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০)। 

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি  নিখোঁজ হয় নিহত ইসমাইল। বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। সোমবার সকাল ১১টার দিকে কৃষকরা বিলে কাজ করতে দুর্গন্ধ পেয়ে ভুট্টা ক্ষেতে গিয়ে লাশটি  দেখেন দেখতে পান। পুলিশে খবর দিলে পুলিশ ইসমাইলের পরিবারকেও খবর দেয়। দুপুর ১টার দিকে নিহতের স্ত্রী মাহমুদা খাতুন লাশটি নিখোঁজ ইসমাইলের বলে শনাক্ত করেন।

চাটমোহর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ইসমাইল ৫ দিন আগে নিখোঁজ হয়েছিলো। সোমবার তার লাশ পাওয়া গেল। কি কারণে ও কারা তাকে হত্যা করেছে তদন্তের বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।