ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পতিশ এলাকার মৃতো লোকমান হোসেনের ছেলে ফিরোজ মিয়া (৩৪), একই এলাকার কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার মরহুম আবু জাহেরের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী যুবক আসছে। পরে সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইনের নেতৃত্বে পুলিশ আগে থেকেই উজানিসার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে। পরে ওই যুবকরা সেখানে আসলে তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মেড ইন যুক্তরাষ্ট্র লেখা বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, আটককৃতরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।