কক্সবাজারের চকোরিয়ায় আগুনে পুড়ে গেছে দুটি আগর বাগান। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা এলাকার দুটি আগর বাগানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এর আগে ২২ জানুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি রাতে আরও দুটি বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।
জানা যায়, কাকারা বন বিটের সামাজিক বনায়ন কর্মসূচির আওতাধীন আগর বাগানে রোববার রাত ৯টার দিকে হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত চারপাশে ছড়িয়ে যায়। আগুনে আগরসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। রাত ১১টার দিকে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। আগুন লাগার পাশাপাশি দুর্বৃত্তরা ৪৬টি গাছ কেটে ফেলেছে।
কাকারা বিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল্যবান আগর বাগানের বেশকিছু গাছ পুড়ে গেছে।
বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, আগর বাগানে আগুন লাগার খবর পেয়েছি। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।