পীরগঞ্জ সরকারি কলেজের কম্পিউটার অপারেটর জাহিদুর রহমান সুজন (২৮) বেপরোয়া গতি সম্পন্ন ট্রাক্টরের ধাক্কায় নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও পূর্ব চৌরাস্তা হতে কালিরহাট পর্যন্ত সরকারি কলেজ, উপজেলা পরিষদ ও হাসপাতালগামী সড়কটিতে ট্রাক্টর, ট্রাক, বাস প্রভুতি যানবাহন চলাচল বন্ধের দাবীতে সোমবার সকালে মানববন্ধন করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা।
এর আগে গত রবিবার রাতে পীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের সামনের সড়কের পার্শ্বে দাড়িয়ে থাকা অবস্থায় জাহিদুর রহমান সুজনকে বেপরোয়া গতি সম্পন্ন একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন সুজন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মানববন্ধনের খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দ্রুত কলেজে গিয়ে কলেজের শিক্ষক ও মানববন্ধনকারী শিক্ষার্থীদের শান্তনা দেন এবং তাদের দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করেন।