এক দলে খেললেই ভালো বন্ধু হতে হবে এমন নয়: হাথুরুসিংহে

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নিয়ে মাত্রই সপ্তাহখানেক হলো টাইগারদের ডেরায় এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনও শুরু করেছেন শিষ্যদের নিয়ে। ইংল্যান্ড সিরিজ নিয়ে বেশ সাবধানী এই লঙ্কান কোচ। তবে দ্বিতীয়বার বাংলাদেশের দায়িত্ব নিয়ে এসে শুরুতেই ড্রেসিংরুমের  বিব্রতকর অবস্থায় পড়েছেন কড়া হেডমাস্টারখ্যাত হাথুরুসিংহে।

সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে মন্তব্য করে টাইগার ক্রিকেটে এক প্রকার ঝড়ই তুলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব-তামিমের মধ্যে বিরোধের জের ধরে নাকি জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, এমন মন্তব্য করে তোলপাড় তুলে দেন বিসিবি বস। অবশেষে সেই ইস্যুতে মুখ খুললেন টাইগার কোচ হাথুরুসিংহে। সাকিব-তামিমের দ্বৈরথে দলে প্রভাব না পড়ল কোনো সমস্যা দেখেন না বলে জানিয়েছেন হাথুরু।

একদিন বাদেই থ্রি লায়ন্সদের সঙ্গে মাঠের লড়াইয়ে নামবে টিম টাইগার্স। সিরিজ সামনে রেখে প্রথম ম্যাচের আগেরদিন আজ সংবাদ সম্মেলনে এসে সাকিব-তামিম ইস্যুতে কথা বলেন হাথুরুসিংহে।

টাইগার কোচ বলেন, ‘প্রথমত আমি এখানে আসার মাত্র ৭ দিন হয়েছে। আমি এমন ড্রেসিংরুম ও দলে আগেও ছিলাম। যেখানে সবার সঙ্গে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে তা নয়, কিংবা একসঙ্গে খাবারও খেতে হবে তাও না। যতক্ষণ পর্যন্ত দলের ওপর কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই। এতে আমি কোনো সমস্যা দেখছিও না।’

আপাতত বাইরের সব ঘটনা বাদ দিয়ে কাল থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজে মাঠের খেলাতেই পূর্ণ মনোযোগ রাখতে চান হাথুরুসিংহে।