নির্বাচনে ইসির দেয়া দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবে, সে দায়িত্ব পালন করার জন্য পুলিশ প্রস্তুত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ লাইন্স মাঠে চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

WhatsApp Image 2023-02-28 at 17.05.32

আইজিপি বলেন, দেশের প্রচলিত আইনেই পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে পুলিশ ইতিপূর্বে আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম এবং এই বিষয়ে আমাদের আস্থা ও প্রস্তুতি রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এই দেশে জঙ্গিবাদ কীভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কী অবস্থা ছিল এবং এসব অঞ্চল থেকে ঢাকা ও অন্য দিকে ছড়িয়ে পড়ছিল। মেয়েদের নিরাপত্তা ছিল না, সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না, সে অবস্থা থেকে আমরা প্রযুক্তিগত, দক্ষতা ও সক্ষমতা দিয়ে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে এনেছি। ফলে এখন স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। 

WhatsApp Image 2023-02-28 at 17.0

তিনি বলেন, আপনারা জানেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। আমরা কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ নিয়ে আমরা কাজ করছি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (এডমিন) কামরুল আহসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

বেলুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন আইজিপি। সবশেষে তিনি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

WhatsApp Image 2023-02-28 at 17.05.3

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপির সহধর্মিনী ও পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।