গৌরনদীতে কপিকলের আঘাতে ২ শ্রমিক নিহত

বরিশালের গৌরনদীতে গাছের বড় গুড়ি নিচু থেকে উপরে তোলার সময় কপিকলের আঘাতে গাছ কাটার ২ শ্রমিক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে গৌরনদী পৌরসভার শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত শ্রমিকরা হলেন-উপজেলার নরসিংহলপট্রি গ্রামের মফছের হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার (৪০) ও দক্ষিণ বিজয়পুর গ্রামের মোসলেম খানের ছেলে হারুন খান (৪৫)। 

গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর  শাখাওয়াত হোসেন সুজন জানান, শাওড়া এলাকায় মফছের সরদারের বাড়ির ৩ টি বড় রেন্টি গাছ সম্প্রতি খরিদ করেন গাছ ব্যবসায়ী ইউনুস শেখ। গাছ ব্যবসায়ী ইউনুস শেখ গত ২দিনে  কাটা গাছ ৪ জন শ্রমিক কাছি (রশি) দিয়ে কপিকল তৈরি করে গাছের বড় গুড়ি নিচু জায়গা থেকে উপরে তুলছিল। সন্ধ্যা ৬ টার দিকে শ্রমিক হারুন খানের হাত থেকে কপিকল ছুটে গেলে কপিকলের আঘাতে  শ্রমিক হারুন খান (৪৫) ঘটনাস্থলেই নিহত ও অপর শ্রমিক শহিদ হাওলাদার (৪০) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় শহিদ হাওলাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে (শহিদ) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে শহিদকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে (শহিদ) মৃত ঘোষণা করেন। এ

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।