পদক জিতে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন সাইক্লিস্ট মাশরাফি

শেখ কামাল যুব গেমসে সাইক্লিংয়ে জিতেছিলেন তিন পদক। পদক জিতে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। আর ১৬ বছরের চলে গেলেন না ফেরার দেশে সাইক্লিস্ট মাশরাফি হোসেন মারুফ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সাইক্লিংয়ে রংপুর বিভাগের হয়ে তিনটি পদক জিতেছিলেন এবং বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন তিনি। 

সাইক্লিস্ট মাশরাফি একক এলিমিনেশন রেসে রুপা ও ২০০০ মিটার স্ক্যাচ রেসে জিতেছেন ব্রোঞ্জ। ২০০০ মিটার টিম টাইম ট্রায়ালে দলগত ইভেন্টে জিতেছিলেন রুপা।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জানায়, মঙ্গলবার যুব গেমসে অংশ নিয়ে খেলা শেষে মাশরাফি দিনাজপুরে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। একপর্যায়ে পথে ট্রেন বিরতি দেয়। সে সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে দরজায় দাঁড়ান তিনি। কিন্তু এক ফাঁকে হঠাৎই পা ফসকে মাশরাফি ট্রেনের নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মঙ্গলবার বনানী স্টেডিয়ামে তিনি শেখ কামাল যুব গেমসে সাইক্লিং ডিসিপ্লিনে দুইটি রৌপ্য একটি ব্রোঞ্জ পদক লাভ করেন। চলমান যুব গেমসের চূড়ান্ত পর্বে এবারই প্রথমবারের মতো খেলতে এসেছিলেন এই স্কুলপড়ুয়া কিশোর। কিন্তু সেটিই তার শেষ প্রতিযোগিতামূলক আসর হয়ে রইলো।

সাইক্লিস্ট মাশরাফির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাইক্লিং ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।