উত্তর কোরিয়ায় হলিউডের সিনেমা দেখলেই শিশুদের পাঁচ বছরের জেল!

কয়েক দিন আগেই কিম জং উন বলেন, তার মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না হয়। এবার জানা গেল তার নতুন নির্দেশনার কথা। টিভিতে হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে সেই শিশুটিকে পাঁচ বছরের জন্য যেতে হবে জেলে! আর তার মা-বাবাকে ছয় মাস থাকতে হবে বন্দী শিবিরে। রেডিও ফ্রি এশিয়ায় বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় হলিউডের ছবি দেখলে শিশুদের দীর্ঘ দিন জেল হতে পারে। এমন অপরাধের জন্য তাদের অভিভাবকদেরও শাস্তি হতে পারে। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন এমন ফরমান জারি করেছেন।

এর আগে উত্তর কোরিয়ার কোনো শিশুকে পশ্চিমা সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখা অবস্থায় ধরতে পারলে তাদের মা-বাবাকে সতর্ক করে দেয়া হতো। তবে এবার আর কোনো ছাড় দিতে রাজি না কিম প্রশাসন।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রেডিও ফ্রি এশিয়াকে জানায়, সভায় ডেকে নিয়ে সরকারের পক্ষ থেকে অভিভাবকদের সন্তানকে সমাজতন্ত্রে দীক্ষা দিতে বলা হয়।

ওই সভার সঞ্চালক বলেন, বাবা-মায়েরা যদি সন্তানদের প্রতি সময়ে শিক্ষা না দিতে পারে, তাহলে তারা পুঁজিবাদের নাচ-গান করবে।