আওয়ামী লীগের সভায় হাতাহাতি, ইউপি চেয়ারম্যান আহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ আগমন উপলক্ষে গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ও বোকাইনগর ইউনিয়নের প্রস্ততি সভায় নেতা-কর্মীদের মাঝে হট্টগোল, ভাঙচুর ও হাতাহাতি হয়েছে। এ সময় ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী আহত হয়েছেন। বুধবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরে স্থানীয় সংসদ সদস্যের অস্থায়ী কার্যালয়ে এই ঘটনা ঘটে।

হযরত আলীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফর উপলক্ষে গত বুধবার বিকালে বঙ্গবন্ধু চত্বরে সংসদ সদস্যের অস্থায়ী কার্যালয়ে বোকাইনগর ইউনিয়ন ও গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। 

ওই সভায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল হলে একটি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওই সময় ইউপি চেয়ারম্যান হযরত আলী আহত হন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, আমার ওপর হামলার ঘটনায় স্থানীয় একটি পক্ষ জড়িত। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ইউপি চেয়ারম্যান হযরত আলীর ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।