বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, হাসপাতালে মেয়ে

নেত্রকোনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একমাত্র মেয়ে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে মদন-আটপাড়া সড়কের মাটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের লুৎফর রহমান চৌধুরীর ছেলে আজাহারুল ইসলাম চৌধুরী (৪৫) এবং তার স্ত্রী নাইস চৌধুরী (৩৮)। তাদের একমাত্র মেয়ে ফারিয়া আক্তার চৌধুরী (৯) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত নান্টু খালিয়াজুরী উপজেলার বিএনপির যুগ্মআহবায়ক।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, নান্টু তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে নেত্রকোনা শহরের বাসা থেকে নিজ বাড়ি খালিয়াজুরী যাচ্ছিলেন। নেত্রকোনা মদন সড়কে আটপাড়া বাইপাসের মাটিকাটা এলাকায় পৌছতেই নেত্রকোনা থেকে মদনগামী একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এবং এতে করে ঘটনাস্থলেই নান্টু নিহত হন এবং গুরুতর আহত স্ত্রী ও মেয়েকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নিলে সেখানে স্ত্রী নাইস চৌধুরী মারা যায়। গুরুতর আহত মেয়ে ফারিয়া এখন চিকিৎসাধীন।
 
আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, নিহতদের ময়নাতদন্তের পর লাশ হস্তন্তর করা হবে। তবে দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।