ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের পরিষদের এক সদস্যর নাম রয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায়। তিনি নিয়মিত ৩০ কেজি করে চাল উত্তোলন করে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
অভিযুক্ত ইউপি সদস্য কবির খান উল্লেখিত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
সংশ্লিষ্টরা জানান, উল্লেখিত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুখুরিয়া গ্রামের ইসকান্দর খানের ছেলে বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য মো. কবির খানের নাম খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা ভুক্ত রয়েছে। যার ক্রমিক নং-১০৩১ কার্ড নং-১৮৩৪। ২০২৩ সালের মার্চ মাসের ১ তারিখ তিনি ডিলার সোহেল মিয়ার কাছ থেকে চাল উত্তোলন করেছেন।
ডিলার সোহেল মিয়া বলেন, কবির খানের নাম তালিকায় রয়েছে এবং নিয়মিত চাল উত্তোলন করছেন। এমনকি তিনি বুধবার (১ মার্চ) চাল উত্তোলন করেছেন।
অভিযুক্ত কবির খান বলেন, আমি দরিদ্র হিসেবে আগে থেকেই এ সুবিধা ভোগ করে আসছি। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এমআইএস করে নতুন করে চাল উত্তোলন করেছি।
উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ইউপি মেম্বাররা খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। কবির খানের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে তার কার্ড বাতিল করা হবে।
দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিতে অনেক ধনাঢ্য লোকজনের নাম রয়েছে উল্লেখ করে এলাকাবাসী পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান।