‘আমরা একে অপরের শত্রু না, আমাদের সম্পর্ক মধুর’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে সপরিবারে ভ্রমণে গেছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার দর্শনীয় স্থানগুলোতে। আর সেসব মুহূর্তের কিছু ঝলক বিনিময় করছেন ভক্তদের সঙ্গেও। তবে শুক্রবার (৩ মার্চ) বিকালে আরেক জনপ্রিয় নায়িকা শাবনূরকে নিয়ে দর্শকদের সারপ্রাইজ দিলেন পূর্ণিমা।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজে শাবনূরকে নিয়ে লাইভে হাজির হন পূর্ণিমা। এরপর দুজনে একে-অন্যের প্রশংসায় পঞ্চমুখ হন। এছাড়া তাদের ঘিরে ছড়িয়ে থাকা গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন।

image-7394-1516073919

পূর্ণিমাকে শাবনূর বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।’

এরপর পূর্ণিমা বললেন, ‘এই যে দেখো আমরা মিলে-ঝিলে আছি। আমাদের মধ্যে খারাপ সম্পর্ক না। আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারেকাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।’

1516027205_5

এসব শুনে চুপ থাকতে পারলেন না শাবনূরও। বললেন, ‘পূর্ণিমার এত গুণ! আমার মনে হয় আমি ওর মতো পারবো না। এত সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফরম্যান্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই। আমি অনেক খুশি হয়েছি, ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।’

পূর্ণিমার সঙ্গে সিনেমা করার আশ্বাসও দিলেন শাবনূর। তবে সেটা ঢাকায় নয়, বরং অস্ট্রেলিয়ায় হবে। শাবনূর বলেন, ‘আমরা দুজন আবার ছবি করলে কেমন হবে? অস্ট্রেলিয়াতে করবো। ইচ্ছে আছে করার। এখনই বলতে পারছি না, কতদূর করতে পারবো। কিন্তু চেষ্টা করতে অসুবিধা নাই।’

অতীতের স্মৃতি মনে করে পূর্ণিমা বলেছেন, “একটা সত্যি ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না! কোনও ছবির ধারে-কাছে যেতে পারছিলাম না। যখনই আমি শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, ‘কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে; তার পায়ের যোগ্যতা নেই।’ এসব শুনে আমি কোনায় গিয়ে কাঁদতাম।”

গত বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন পূর্ণিমা। প্রথম সংসারের কন্যা আরশিয়া উমাইজাকে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন তিনি। অন্যদিকে আট বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ করেছেন শাবনূর ও অনিক। বর্তমানে একমাত্র ছেলে আইজানকে ঘিরেই তার ব্যস্ততা।