নৌ প্রধানের সঙ্গে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্টের সাক্ষাৎ

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও অলিম্পিক কাউন্সিলের (এশিয়া) মহাপরিচালক ক্যাপ্টেন হোসেন আল–মুসাল্লাম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৩ মার্চ) সকালে ঢাকায় নৌ সদর দফতরে সাক্ষাৎ করেন তারা। এ সময় আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট ভিনোদ কুমার তিওয়ারি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নৌ সদরের পিএসও ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

WhatsApp Image 2023-03-03 at 10.35.31 PM

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ সফরের জন্য ক্যাপ্টেন হোসেন আল-মুসাল্লামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় এবং বাংলাদেশের সাঁতারের মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

WhatsApp Image 2023-03-03 at 10.35.27 PM

সাক্ষাৎ শেষে আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের ওপরে ব্রিফিং প্রদান করা হয়। পরে তিনি নৌ সদর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।