২০২২ সালের জানুয়ারির শেষ দিকে নিখোঁজ হওয়া এক অপহৃত ভারতীয় তরুণীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) উত্তরা টঙ্গী পশ্চিম থানার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
২০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রদীপ পাল নামের এক ব্যক্তি তার ১৪ বছর বয়সী শিশু কন্যা শ্রীজা পালকে অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক কৌশিক বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন। কৌশিক বিশ্বাস শ্রীজা পালকে নিয়ে বাংলাদেশের ঢাকার আশেপাশে কোথাও আছে বলে জানান।
ভারতীয় হাইকমিশন বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী জানান, এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ১১ এপিবিএন উত্তরা, ঢাকা একটি বিশেষ অভিযানের মাধ্যমে শ্রীজা পালকে টঙ্গী পশ্চিম থানাধীন একটি বাসা থেকে উদ্ধার করা হয়। পাশাপাশি কৌশিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।