কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ লেগুনা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগরস্থ জেলা পরিষদ গেইটের অদূরে জিলানী পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।
নিহতরা হলেন, লেগুনা যাত্রী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়া গ্রামের জানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪), উত্তর হারবাং কলাতলী এলাকার আবুল বাছের এর ছেলে মো. হামিদ উল্লাহ (২৯) ও একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইমন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন লেগুনার আরও ৮ যাত্রী। তাদেরকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনকে পাশের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।