বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মধ্যে রিট্রিট সিরিমনি (অনুষ্ঠানের মাধ্যমে পতাকা নামানো) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতের পক্ষে বিএসএফ'র সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ড. অতুল ফুল জেলে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিজিবি-বিএসএফ রিট্রিট প্যারেড দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। একসঙ্গে দুদেশের জাতীয় পতাকা নামানোর এ অনুষ্ঠানটি সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুসংহত করছে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পূর্বের যেকোনো সময়ের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে দেখতে আসা কলকাতার বাসিন্দা নভেন্দু বলেন, পূর্বপুরুষদের শেকড় ঢাকায়। বাংলাদেশে কখনোই আসা হয়নি। স্ত্রী ও দুই মেয়ে বাংলাদেশের প্রশংসা শুনে এ দেশটাকে দেখতে চেয়েছে। যে দেশটাকে দেখার খুব ইচ্ছে ছিলো আজ তা সচক্ষে দেখলাম। বাংলাদেশের মানুষ আসলেই অতিথিপরায়ণ। দুদেশের বন্ধন অটুট থাকুক চিরদিনের জন্য।
নভেন্দুর স্ত্রী অনিন্দিতা বলেন, গুগল ঘেঁটে বাংলাদেশের উন্নয়নের অনেক তথ্য দেখেছি। তাই দেশটাকে দেখার খুব ইচ্ছা ছিল।
পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে আসা কথাসাহিত্যিক আবীর ঘোষ বলেন, অন্যরকম এক অনুভূতি। অনুষ্ঠানটি উপভোগ্য হয়েছে। দুই বাংলার মিলনমেলা হোক।
বিকাল সাড়ে ৫টার দিকে শূন্যরেখায় বিজিবি'র যশোর ব্যাটালিয়নের আইসিপি কমান্ডার সুবেদার মাহবুবুল হকের নেতৃত্বে ১৬ সদস্যের দল এবং ভারতের বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল আইসিপি কমান্ডার ইন্সপেক্টর সাতবীর সিং এর নেতৃত্বে ১৬ সদস্যের দল উপস্থিত হয়। সন্ধ্যা ৬টার দিকে বিউগল বাজিয়ে দুদেশের পতাকা নামানো হয়। প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও বিএসএফ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় উভয় পাশে দুদেশের প্রায় সহস্রাধিক মানুষ এ প্যারেড উপভোগ করেন।
জমকালো ও মনোমুগ্ধকর এ রিট্রিট সিরিমনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মো. আমিনুল ইসলাম খান, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসানসহ অনেকে।