ময়মনসিংহে শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে: শেখ পরশ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করেন। এই বিভাগের মানুষ তাকে বরণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমাদের ধারণা, এটিই হবে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী জনসভা, যা আগে কেউ করতে পারেনি।’

সোমবার (৬ মার্চ) দুপুরে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর যুবলীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

WhatsApp Image 2023-03-06 at 20.37.39

তিনি আরও বলেন, ‘ময়মনসিংহের সাথে প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক রয়েছে। ময়মনসিংহসহ আশপাশের জেলাগুলো আওয়ামী লীগের ঘাটি এবং এখানে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী।’ 

WhatsApp Image 2023-03-06 at 20.37.36

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বিএনপির প্রধান প্রতিপক্ষ না, তাদের প্রধান প্রতিপক্ষ এদেশের আপামর জনগণ। বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না। তাদের সকল আক্রোশ, সকল হিংসা এদেশের মানুষের জন্য।’

WhatsApp Image 2023-03-06 at 20.37.38

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা রাখে। এই যোগ্যতা শুধু বঙ্গবন্ধু কন্যারই আছে। শেখ হাসিনা ছাড়া দক্ষতা-সক্ষমতা যোগ্যতা আর কারও নেই।’

WhatsApp Image 2023-03-06 at 20.37.35

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. এনামুল হক খান, জুয়েল আরেং এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মো. সোহেল পারভেজ, জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন জেলা-মহানগর-উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।