২০১৯ সালের বিশ্বকাপে ব্যাটিংয়ে তিন তিন নম্বর পজিশনে সাকিব আল হাসানকে নতুন করে চিনেছিল ক্রিকেট বিশ্ব। এরপর তিন নম্বর পজিশনে ব্যাট করে নিয়মিত রান পেতেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যাটিং পজিশনে আর তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে না সাকিব আল হাসানকে। এমনটায় জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সাকিবের ব্যাটিং পজিশন প্রসঙ্গে তামিম জানান, এখন থেকে আর তিনে ব্যাট করবেন না সাকিব। চার অথবা পাঁচ নম্বর পজিশনে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
সাকিব পাঁচে ব্যাটিং করবেন তার ধারণা পাওয়া গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে থেকেই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে ৮ রান করলেও শেষ দুই ম্যাচে বেশ ভালোই করেছেন সাকিব। দ্বিতীয় ম্যাচে ৫৮ ও শেষ ম্যাচে ৭৫ রান করেছেন সাকিব।