খাগড়াছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝায় ট্রাক নদীতে

খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদীর ওপর স্থাপিত বেইলি সেতু পাথরবোঝায় ট্রাকসহ ভেঙে পড়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সীমান্ত সড়ক নির্মাণের জন্য পাথর নিয়ে যাওয়ার সময় ট্রাকটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। সেতুটি ভেঙে পড়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও সাজেকের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও যাত্রীবাহী বাস ও অন্যান্য বড় পরিবহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা পায়ে হেটে নদী পার হচ্ছেন।

dighinala khagrasori-2

খাগড়াছড়ি সড়ক বিভাগে উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সেতুটি সেনাবাহিনীর ২০ ইসিবির অধীন। 

২০ ইসিবির উপ-অধিনায়ক মেজর আবু নোমান মো. মঈনুল ইসলাম বলেন, সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে সমন্বয় করে সেতুটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। আশা করি দ্রুত সড়কে যান চলাচল শুরু হবে।

সেতুটি এর আগে ২০১৭ সালেও ভেঙ্গে গিয়েছিল সেতুটি। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ প্রশাসনের কর্মকর্তারা।