দিনের শুরুতেই সাকিব আল হাসান ৮০ রান করে ফিরে গেছেন। শনিবার প্রথম সেশনে এসে এই একটি উইকেটই হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতে হাফসেঞ্চুরিয়ান লিটন দাসও ফিরে গেছেন। তবে সেঞ্চুরি পেতে লড়াই করছেন মাহমুদউল্লাহ। অষ্টম উইকেটে তার সঙ্গী হয়েছেন মেহেদি হাসান মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪১০ রান।
এর আগে শনিবার সকালে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৫ উইকেটে ২৫৯ রান করা বাংলাদেশের ইনিংসকে আরো সামনে এগিয়ে নিতে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দলীয় ৩০১ রানে সাকিব ফিরে যাওয়ার পর ফের শক্ত হাতে হাল ধরেন মাহমুদউল্লাহ ও লিটন দাস। দুজনই করেন হাফসেঞ্চুরি। ৯২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৫৪ রান করে লিটন বিদায় নেন। তবে ৮২ রানে অপরাজিত রয়েছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গী মিরাজ করেছেন ১৪ রান।
শুক্রবার প্রথম দিনের খেলা শেষে সাকিব ৫৫ ও মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে অপরাজিত ছিলেন। সেখান থেকেই শনিবার তারা খেলা শুরু করেন। সাকিব কিছুটা দ্রুততার সঙ্গে খেললেও শেষ পর্যন্ত আউট হয়ে যান।
প্রথম দিনে টস জিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সাদমান ইসলামের ৭৬ ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে দিনশেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫৯ রান। এছাড়া মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন করেন ২৯ রান করেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে বাংলাদেশ জয় পায় ৬৪ রানে। তাই সিরিজে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এখন ঢাকা টেস্টে জয় বা ড্র’ই সিরিজ জয়ে জয়ে বাংলাদেশের জন্য যথেষ্ট হবে।
ইত্তেফাক/কেআই