গুলিস্থানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২১

রাজধানীর গুলিস্থান এলাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ মুসা (৪৫) নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় এখনও মেহেদী হাসান স্বপন নামে একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৮ মার্চ) রাত রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুসা মারা যান। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

07-03-23-Gulistan Building Blast-30

তিনি বলেন, মোহাম্মদ মুসা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মো. জামানের ছেলে। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল, এছাড়া ইন্টারনাল ইনজুরিও ছিল। তিনি বার্ন ইনস্টিটিউটের ব্লু ইউনিটের ৬০২ নম্বর ওয়ার্ডে ৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।