সুন্দরী প্রতিযোগিতার চেয়ে বড় হলো মেধা: মম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তার অভিনীত সিনেমা ‘ওরা ৭ জন’ মুক্তি পেয়েছে ৩ মার্চ। এই ছবিটি তার ক্যারিয়ারের ভিন্ন মাত্র যোগ করেছে। ‘ওরা ৭ জন’ সিনেমাসহ ইন্ডাস্ট্রির নারীদের অবস্থান নিয়ে তিনি কথা বলেছেন ইত্তেফাক অনলাইনের সঙ্গে।

‘ওরা ৭ জন’ সিনেমা নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
সিনেমাটি মুক্তির পর যারা সিনেমাটি দেখেছেন তারা সবাই ভালো বলছেন। সিনেমাটি দেখতে সবাই হল-এ আসছেন সেটাই আনন্দের কথা।

একজন নারী মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে উপস্থাপন অন্য চরিত্র থেকে কতটুকু পরিবর্তন এসেছে?
আমি তো আসলে কাজটি করেছি। যারা সিনেমাটি দেখেছেন তারাই ভালো বলতে পারবেন। নিজেকে কতটা পরিবর্তন করেছি। আমার মধ্যে কতটা পরিবর্তন এসেছে।

এই চরিত্রটি পর্দায় উপস্থাপন করতে আপনাকে কতটা চ্যালেঞ্জ নিতে হয়েছে?
নির্ঘাত চ্যালেঞ্জ নিতে হয়েছে। কারণ সময়ের এতো পরে এসে সেই সময়কে ধারণ করাটাই অনেক বড় চ্যালেঞ্জ।

জাকিয়া বারী মম

মুক্তিযোদ্ধা হিসেবে অভিনয় করে ও পর্দায় নিজেকে দেখে ভেতর থেকে কেমন ফিল হয়েছে?
বড় স্ক্রিনে সিনেমাটি দেখে দর্শকরা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটাই আমার কাছে আশীর্বাদ মনে হয়েছে। কারণ সিনেমাটি দেখে দর্শকরা হেসেছেন, কেঁদেছেন, শিস দিয়েছেন, ভালোলাগা প্রকাশ করেছেন; এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

আপনি তো ২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী। সম্ভবত ওই প্রতিযোগিতার মধ্য দিয়েই আপনি আলোচনায় আসেন। প্রশ্ন হলো; এই ধারার সৌন্দর্য প্রতিযোগিতাকে আপনি কীভাবে দেখেন?
সুন্দরী প্রতিযোগিতার চেয়ে বড় বিষয় হলো মেধা। এটা এমন একটি প্ল্যাটফর্ম যেটা থেকে আমরা অনেকেই উঠে এসে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি এবং এখনো কাজ করে যাচ্ছি। তো...যারা মেধাবীদের খোঁজেন অবশ্যই আমি সেটাকে সাধুবাদ জানাব।

জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

এই ধারার প্রতিযোগিতা কি নারীর ক্ষমতায়ন বাড়ায়?
এতো ক্ষমতা কেনো লাগবে ভাই? সাধারণভাবে বাঁচেন না! ক্ষমতা ক্ষমতা করে অস্থির হওয়ার কিছু নেই। জীবন আপনার, সুতরাং শান্তিতে থাকেন। নিজের জীবনকে ভালোবাসেন। নিজেকে সুন্দর মনে করেন। এটাই সবচেয়ে ক্ষমতাশালী ব্যাপার।

অনেকে বলেন, সৌন্দর্য প্রতিযোগিতা নারীকে পণ্যায়িত করে... আপনি কি দ্বিমত করবেন?
এসব তর্ক করার মতো কোনোই এনার্জি নাই। নারী পণ্য। এ ধরনের কথা বলার কোনো মানে হয় না। আপনার যদি তাই মনে হয়। তাহলে আপনি ঘরে থাকবেন। আর যদি মনে হয় আপনি পণ্য না। আপনি নিজের যোগ্যতা প্রমাণ করছেন। তাহলে আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেন।

জাকিয়া বারী মম

দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান সিনেমা কম হয়। এ বিষয়ে আপনার অভিমত কি?
আমি তো সিনেমা বানাই না। আমি অভিনয় করি। আর আমাদের দেশে তো নারী প্রধান সিনেমা হচ্ছে। আমরা একটা ফরমেটের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন গল্প বলার অনেক ভিন্নতা তৈরি হয়েছে। গল্প লেখক ও পরিচালকরা নারী প্রধান সিনেমা নিয়ে নতুন করে ভাবছেন।

বর্তমানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নারীদের অবস্থান নিয়ে আপনি কী বলবেন?
আমাদের দেশে নারী গল্প যেদিন অনেক বেশি বলা হবে সে দিন নারীদের অবস্থান আরও বেশি পাকা-পোক্ত হবে। তো, আমরা সে পথে এগোচ্ছি। দর্শক নারীদের গল্প দেখতে চাচ্ছেন। পরিচালকরা নারীর গল্প বানাচ্ছেন। আমি নিজেও নারী প্রধান গল্পে বেশ কয়েকটি চরিত্রে কাজ করেছি। সেই জায়গা থেকে আমি বলতে পারি আমরা একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আশা করি সব ভালো হবে।