সৌদি আরবে অনুশীলন করতে যাওয়া বাংলাদেশ ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। দুটি ম্যাচই ক্লোজড ডোর হবে বলে সৌদি আরব থেকে জানিয়েছে বাফুফে। সৌদির প্রথম বিভাগের দল মদিনার ওহোদ ক্লাবের বিপক্ষে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। খেলা হবে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ স্টেডিয়ামের রিজার্ভ মাঠে।
সেখানে কোনো দর্শক ঢুকতে দেওয়া হবে না। এমনকি এই ম্যাচের সংবাদও প্রচার করা যাবে না বলে জানিয়েছে বাফুফে। এটি সেখানকার শর্ত। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হবে ১৫ মার্চ, একই মাঠে। এ ম্যাচের প্রতিপক্ষ আফ্রিকান দেশ।
আফ্রিকার মালাউই দলটি এখন মদিনায় অবস্থান করছে। সে কারণে জামাল ভুঁইয়ারা প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। ফিফার র্যাংকিংয়ে আফ্রিকার এই দেশটি বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশ ১৯২ এবং মালাউই ১২৪।