৭ কোটি টাকার সোনার বার উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ৩

রাজবাড়ীর পাংশায় প্রায় ৭ কেজি ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। এ সময় ইউপি সদস্যসহ ৩ সোনা চোরাকারবারিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন উপজেলার হাজরাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সাত্তার শেখ (৩৩), বড় বনগ্রাম এলাকার খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম (১৯) ও কুষ্টিয়ার ওসমানপুর এলাকার মৃত আয়েন উদ্দিনের ছেলে ইউপি সদস্য জহুরুল ইসলাম (৩৮)।

bar-2

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এসআই তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহল দল থানায় ফেরার সময় উপজেলার চাদপুর এলাকা পৌঁছালে তাদেরকে দেখে পালানোর চেষ্টা করে দুই মোটরসাইকেল আরোহী। এ সময় তাদের গতিরোধ করে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা পাচারের কথা স্বীকার করে। 
 
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সোনার বারসহ আটক ৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, আটক নাহিদের জুতায় মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ৭ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।