ভিজিডি কার্ডের চাঁদা না দেওয়ায় মাথা ফাটালেন মেম্বার 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিজিডি কার্ডের বিপরীতে দাবি করা ৫ হাজার টাকা না দেওয়ায় পিটিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছেন ইউপি সদস্য (মেম্বার)। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজারে এ ঘটনা ঘটে। 

হামলাকারী ইউপি সদস্যের নাম মাহফুজার রহমান বাদল (৪৩)। তিনি কাশিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আহত ব্যক্তির নাম গোলজার হোসেন (৪৬)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে ও পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রামখানা দাখিল মাদ্রাসা কর্মরত দপ্তরি। 

আহত গোলজার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি গোলজারের পুত্রবধূ ববিতা বেগম ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হন। ইউপি সদস্য বাদল কৌশলে ববিতা বেগমের কার্ডটি তুলে নিয়ে নিজের কাছে রেখে দেন। বৃহস্পতিবার বিকালে গোলজার বেড়াকুটি বাজারে গিয়ে ইউপি সদস্য বাদলের কাছে কার্ডটি চাইলে বাদল তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে কার্ডটি অন্যকে দেওয়া হবে বলেও জানান মেম্বার। গোলজার টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বাদল হোসেন উত্তেজিত হয়ে দোকানের ঝাঁপের সাইজ কাঠ দিয়ে গোলজারের মাথায় সজোরে আঘাত করে। সাইজ কাঠের আঘাতে গোলজার মাটিতে  লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু জখম গুরুতর হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। 

ইউপি সদস্য মাহফুজার রহমান বাদল গোলজার হোসেনকে আঘাত করার কথা স্বীকার করে বলেন, ভিজিডির টাকার জন্য নয় ১৩ বছর আগের পাওনা টাকার জন্য তাকে পিটিয়েছি। 

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, ভিজিডি কার্ড নিয়ে মেম্বারের লাঠির আঘাতে গোলজার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, এ ঘটনায় সন্ধায় গোলজার হোসেনের স্ত্রী নছিরন বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলছে।