আজিমপুরে সড়ক দুর্ঘটনায় বাসচালকের সহযোগী নিহত

রাজধানীর আজিমপুরে সড়ক দুর্ঘটনায় সানোয়ার হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দেওয়ান পরিবহন নামে একটি বাসের চালকের সহযোগী বলে জানা গেছে।

সোমবার (২০ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পকেটে থাকা জন্মসনদ অনুযায়ী নিহত সানোয়ার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।