দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির ১৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন আয়োজন করা হয়।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন মেডট্রনিক-এর সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৫তম সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী হবে, চিন্তা-চেতনায় প্রগতিশীল হবে। সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ, শরীর-মনে সুস্থ এবং কর্মে উদ্যমী মানুষ হবে। তারাই দেশকে এগিয়ে নেবে।’
উচ্চশিক্ষায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশ এবং বিশ্বের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চেয়েছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দক্ষতার সাথে সেই কাজটি করে চলেছে।’
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, আমরা আশা করি আমাদের গ্র্যাজুয়েটরা হবে প্রাণশক্তিতে ভরপুর, কারণ তারা এমন শিক্ষায় শিক্ষিত যা সমসাময়িক সমস্যার সমাধানে নিবেদিত। বিশ্ববিদ্যালয় থেকে শেখা সহানুভূতিশীলতার চর্চা করে শিক্ষার্থীরা অন্যদের মাঝে আশার আলো জ্বালতে সক্ষম হবে।
সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে সহানুভূতি, সৃজনশীলতা এবং শিল্পোদ্যোগের উন্মেষ জাগ্রত করা।’
সমাবর্তন বক্তা ওমর ইশরাক শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য খুঁজতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সারাজীবন শেখার প্রতি নিবেদিত থাকা, নিত্যনতুন জ্ঞানসম্পর্কে অবহিত হওয়া এবং জীবনের চ্যালেঞ্জগুলোর সাথে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এবারের সমাবর্তনে ৪৮৮৯ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তরের সনদ লাভ করেছেন এবং ৩১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করেছেন।