বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) আয়োজনে বাণিজ্য পদ্ধতির সহজিকরণ ও কাস্টম আধুনিকীকরণ বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিএফটিআই'র সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু ও বিআরসিপি-১ প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়া পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিরা তাদের মতামত দেন। সভা সঞ্চালনা করেন বিএফটিআই পরিচালক মো. ওবায়দুল আজম।
সভায় বাণিজ্য সচিব বলেন, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে স্পেশাল ও ডিফ্রেনশিয়াল সুবিধা পাবে না। তাই আমাদের গ্রাজুয়েশন পরবর্তী সময়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে।
জাফর উদ্দীন বলেন, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জন্য বাণিজ্য সহজীকরণ ও ব্যবসার পরিচালনা ব্যয় কমানো প্রয়োজন।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর উদ্যোগে 'ডব্লিউটিও স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট (এসএন্ডডিটি) এন্ড গ্রাজুয়েশন চ্যালেঞ্জেস' এবং 'সিম্প্লিফিকেশন অফ ট্রেড প্রসিডিউরস, কাস্টম মডার্নাইজেশন এন্ড ইজ অফ ডুইং বিজনেস' শীর্ষক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট। মূলত এই গবেষণার ওপর ভ্যালিডেশন কর্মশালা ছিলো এটি।