অগ্নিকাণ্ড দেখতে গিয়ে সড়কে ঝরলো ৩ প্রাণ 

ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকাণ্ড দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বেলতলী এলাকার আব্দুর রশিদের ছেলে হুমায়ূন মিয়া (২০), আব্দুস ছাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২) ও ইউনুস আলী ফকিরের ছেলে শামসু মিয়া(৪২)।

Gouripur Pic Fire Shamgonj 2

জানা যায়, বুধবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারের মোদকপট্টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে অগ্নিকাণ্ড দেখতে অটোরিকশায় করে  সিধলা এলাকার পাঁচজন শ্যামগঞ্জ বাজারের পথে রওনা হয়। অটোরিকশাটি বেলতলী এলাকার লাওহে মাহফুজ মাদরাসার সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হুমায়ূন মিয়া ও রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে শামসু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।