বঙ্গবন্ধুকে ভালোবাসলে খাদ্যে ভেজালকারীকে ঘৃণা করো: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, সন্ত্রাসীকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তবে খাদ্যে ভেজালকে ঘৃণা করো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ ৭টি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

Faridpur Obaidul Kader Pic (2)

ওবায়দুল কাদের বলেন, রক্তাক্ত বিজয়ের ৪৮ বছর পর বলতে চাই যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলায় পাখিরা ডাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই।

এসময় ফরিদপুরে ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ ৭টি বিদেশি ভাষায় উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আজকের অনুষ্ঠানে আমাদের শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেলেন, আমি সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদপুর জেলাকে উদ্দেশ্য করে বলেন, "আমি আজকে চলে যাবো। কিন্তু, এ স্মৃতি কোনদিন ভুলবোনা। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম ; আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম।"

জেলা প্রশাসক কামরুল আহসান তার বক্তব্যে জানান, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ১০ টি দেশের ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপনের উদ্যোগ ও প্রস্তুতি নেয় ফরিদপুর জেলা প্রশাসন। কিন্তু ৭ মার্চের তাৎপর্য বিবেচনা করে ৭ টি ভাষায় এই ভাষণ উপস্থাপন করা হচ্ছে। একটি ভাষণের গুরুত্ব ও তাৎপর্য কতটা হতে পারে, যাতে করে একটি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পরে নিজ দেশকে স্বাধীন করে। সেই তাৎপর্য বিশ্ববাসীর কাছে তুলে দিতেই বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।